প্রকাশিত: Fri, Jan 13, 2023 1:17 PM
আপডেট: Thu, Mar 12, 2026 8:11 PM

মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা নিয়োগের সিদ্ধান্ত

বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে আপত্তি নেই: প্রধানমন্ত্রী

সালেহ্ বিপ্লব: জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় দলের (এএলপিপি) বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বাসস

প্রধানমন্ত্রী বলেন, সরকার আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বদ্ধপরিকর। যারা জনগণের সঙ্গে সুসম্পর্ক রেখেছেন এবং নির্বাচনী এলাকায় ভালো কাজ করছেন, তারাই আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের জনগণের সঙ্গে কথা বলার আহ্বান জানান। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বলার পরামর্শ দেন।  বৈঠকে সভাপতির ভাষণে প্রধানমন্ত্রী আবারো বলেন, বিএনপির চলমান সরকারবিরোধী আন্দোলন শান্তিপূর্ণ হলে তাতে আমাদের আপত্তি নেই। তবে বিএনপি যদি অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তাদের কঠোর হাতে দমন করা হবে। সংসদীয় দলের এই সভার মূল এজেন্ডা ছিলো জাতীয় সংসদের উপনেতা নির্বাচন। গত ১১ সেপ্টেম্বর সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে পদটি শূন্য হয়। দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে উপনেতা পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন।

বৈঠক থেকে বেরিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান। সংসদীয় দলের সিদ্ধান্তের বিষয়টি স্পিকার অফিসকে অবহিত করা হলেই সংসদ সচিবালয় আনুষ্ঠানিকভাবে নতুন সংসদ উপনেতা হিসেবে মতিয়া চৌধুরীর নাম ঘোষণা করবে। সম্পাদনা: খালিদ আহমেদ